বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৮:০৮ পিএম
বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ

শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি আটতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দুইটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে এবং আশপাশের বেশ কিছু যানবাহন ও দোকানপাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতের কোনো সংখ্যা জানা না গেলেও আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি হয়েছে।

বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দেশটির উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের টিম। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কাউকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় জোরদার উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, এই হামলা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন নৌ-কমান্ডারকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য সম্পূর্ণ অসত্য বলে খণ্ডন করেছে। এমন সময় এই ঘটনা ঘটল যখন দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...