মমতাকে চ্যালেঞ্জ শাহের, ৪৫ দিনে সীমান্ত বেড়ার প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৬:৪৯ পিএম
মমতাকে চ্যালেঞ্জ শাহের, ৪৫ দিনে সীমান্ত বেড়ার প্রতিশ্রুতি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ঘোষণা করেছেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠন করলে মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, জমি অস্বীকার করার কারণেই এতদিন এই কাজ আটকে ছিল। শাহ এও দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসা এখন সময়ের অপেক্ষা মাত্র।

মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে বিদায় দেওয়া হবে। তিনি বিধানসভা ও লোকসভা নির্বাচনের ভোটের হিসাব তুলে ধরে বলেন, ২০২১ সালে ৩৮ শতাংশ ভোট পাওয়া বিজেপি ২০২৪ সালে তা বাড়িয়ে ৩৯ শতাংশে নিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৭৭টি আসন নিয়ে বিরোধী দল হিসেবে বিধানসভায় ভূমিকা রাখছে তারা। তার আশা, আগামী নির্বাচনে এই হার ৪৫ থেকে ৫০ শতাংশে উন্নীত হবে। তিনি মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগও আনেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, রাজ্য সরকার জমি দিচ্ছে না বলেই সীমান্ত বেড়ার কাজ থমকে আছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মমতা দিদি জমি দিন বা না দিন, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী এলে কোনো বাধা ছাড়াই ৪৫ দিনের মধ্যে সীমান্তের পুরো কাজ সম্পন্ন করা হবে। রাজ্যের মানুষের কাছে এটিই তার স্পষ্ট প্রতিশ্রুতি বলে তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...