মমতাকে কটাক্ষ করে অমিত শাহ, ৪৫ দিনে সীমান্ত বেষ্টনীর প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৬:২৭ পিএম
মমতাকে কটাক্ষ করে অমিত শাহ, ৪৫ দিনে সীমান্ত বেষ্টনীর প্রতিশ্রুতি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় ঘোষণা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (৩১ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক জনসভায় তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে মাত্র ৪৫ দিনের মধ্যেই সীমান্তে পুরোপুরি কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় কোনো আপস করবে না বিজেপি এবং এটি রাজ্যবাসীর কাছে তাঁর স্পষ্ট প্রতিশ্রুতি।

এদিনের সভায় তৃণমূল সুপ্রিমোকে তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিদায় জানানো হবে। গত নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, ২০২৪ সালে লোকসভা ভোটে ৩৯ শতাংশ ভোট পাওয়া গেছে, যা এবার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। এছাড়া রাজ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগেও মমতা ব্যানার্জীকে কাঠগড়ায় তোলেন এই কেন্দ্রীয় নেতা।

সীমান্ত বেড়া ইস্যুতে অমিত শাহ অভিযোগ করেন, জমি না দেওয়ার কারণেই বর্তমানে কাজ স্তব্ধ হয়ে পড়েছে। কলকাতা হাইকোর্ট জমি দিতে বললেও মমতা ব্যানার্জী তা উপেক্ষা করছেন বলে অভিযোগ তাঁর। তবে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার অবসান হবে বলে জানান তিনি। স্পষ্ট করে অমিত শাহ বলেন, মমতা দিদি জমি দিক বা না দিক, বিজেপির মুখ্যমন্ত্রী এসে ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...