বিজ্ঞাপন

বাজেট পাসে দেরিতে যুক্তরাষ্ট্রে সাময়িক সরকারি কার্যক্রম বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১:৫৮ পিএম
বাজেট পাসে দেরিতে যুক্তরাষ্ট্রে সাময়িক সরকারি কার্যক্রম বন্ধ

নতুন অর্থবছরের বাজেট বা অর্থায়ন আইন নিয়ে সৃষ্ট জটিলতার কারণে শনিবার (৩১ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে সরকারি কার্যক্রম স্থগিত বা শাটডাউন শুরু হয়েছে। সিনেটে বিলটি পাস হলেও প্রতিনিধি পরিষদের (হাউস) অনুমোদনের অপেক্ষায় থাকায় শুক্রবার মধ্যরাতের পর থেকেই ফেডারেল সরকারের বিভিন্ন শাখায় এই বন্ধের সূচনা হয়।

যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতের আগেই সিনেটে ৭১-২৯ ভোটের ব্যবধানে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়। এতে পাঁচটি দীর্ঘমেয়াদি বরাদ্দ বিল অন্তর্ভুক্ত ছিল। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি উত্থাপনের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে ওই সময়ের মধ্যে সরকারি তহবিলের ঘাটতি দেখা দেওয়ায় বাজেট ব্যবস্থাপনা দপ্তরের (ওএমবি) পরিচালক রাস ভট সংশ্লিষ্ট সব বিভাগকে শাটডাউনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি, পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি বিভাগ এর আওতায় পড়েছে।

বিজ্ঞাপন

ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, সিনেটে পাস হওয়া ব্যয় বিলটির গুণগত মান যাচাই করেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি অভিবাসন ও কাস্টমস এবং সীমান্ত রক্ষা (আইসিই) সংস্কারের একটি স্পষ্ট রূপরেখা উপস্থাপনের দাবি জানিয়েছেন। যদিও আগামী সপ্তাহের শুরুতে হাউসে বিলটি পাস হলে এই শাটডাউনের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা কম। এর আগে গত বছর যুক্তরাষ্ট্র দীর্ঘ ৪৩ দিনের শাটডাউনের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...