মার্কিন শ্রমবাজারে সুখবর, আরও ৬৫ হাজার মৌসুমি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে চলমান তীব্র শ্রমিক সংকট লাঘব করতে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন আগামী ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকার মেয়াদে প্রায় ৬৫ হাজার অতিরিক্ত এইচ-২বি বা মৌসুমি অতিথি শ্রমিক ভিসা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেল রেজিস্টারের বরাত দিয়ে জানা গেছে, দেশটির অর্থনীতিতে মারাত্মক ক্ষতি এড়াতে এবং নিয়োগকর্তাদের স্বার্থে এই ভিসাগুলো উন্মুক্ত করা হচ্ছে।
প্রতিবছর সাধারণত প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে ৬৬ হাজার এইচ-২বি ভিসা জারি করা হয়, কিন্তু এই নতুন সংখ্যা যোগ হওয়ায় মোট ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, স্থানীয় বাজারে পর্যাপ্ত কর্মী না পাওয়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে হোটেল এবং নির্মাণ খাতের ব্যবসায়ীরা শ্রমিক সংকটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলোর দাবি, এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
অবৈধ অভিবাসন রোধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে, যা নিয়োগকর্তাদের জন্য স্বস্তির খবর। অতীতে বাইডেন প্রশাসনের সময়ও এই ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল। অন্যদিকে, প্রযুক্তি খাতে বিদেশি কর্মী নিয়োগ কঠিন করতে তিনি এইচ-১বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপ করেছেন। এই অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফেডারেল রেজিস্টার।

