চরম আর্থিক সংকটে জাতিসংঘ, জুলাইতেই নগদ তহবিল ফুরানোর শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৯:২১ এএম
চরম আর্থিক সংকটে জাতিসংঘ, জুলাইতেই নগদ তহবিল ফুরানোর শঙ্কা

সদস্য রাষ্ট্রগুলোর বিপুল পরিমাণ বকেয়া চাঁদা এবং অর্থায়ন কাঠামোর সংকটের কারণে ‘মারাত্মক আর্থিক ধসের’ মুখে পড়েছে জাতিসংঘ। সম্প্রতি সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়েছেন যে, অবিলম্বে পূর্ণাঙ্গ চাঁদা না পেলে চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংস্থার নগদ তহবিল শূন্য হয়ে যেতে পারে। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে জাতিসংঘের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক শুক্রবারের এক ব্রিফিং-এ জানান, চাঁদা পরিশোধের বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’ অবস্থায় এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন সবচেয়ে বড় অবদানকারী হলেও মোট বকেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার অর্থায়ন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে। মহাসচিব তার চিঠিতে সদস্যদের হয় আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হতে অথবা সময়মতো সম্পূর্ণ চাঁদা পরিশোধের আহ্বান জানিয়েছেন।

গত ২৯ জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের নিয়মিত বাজেটের পুরো টাকা পরিশোধ করেছে। এরই মধ্যে সংস্থাটি ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করলেও তা আগের বছরের তুলনায় ৭ শতাংশ কম। তথাপি বর্তমান হারে তহবিল না এলে সংস্থাটির কার্যক্রম চালানো কঠিন হবে বলে মনে করছেন কর্মকর্তারা। বৈশ্বিক এই সংস্থাটি টিকিয়ে রাখতে হলে দ্রুত সদস্যদের এগিয়ে আসার বিকল্প নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...