জাতিসংঘের নগদ তহবিল ফুরিয়ে আসছে, চাঁদা না দিলে কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৯:১৮ এএম
জাতিসংঘের নগদ তহবিল ফুরিয়ে আসছে, চাঁদা না দিলে কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

অর্থের অভাবে গুরুতর আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। সদস্য রাষ্ট্রগুলোর বিপুল বকেয়া এবং বর্তমান অর্থায়ন কাঠামোর কারণে সংস্থাটির কার্যক্রম থমকে যাওয়ার উপক্রম হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে জানিয়েছেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই সংস্থার হাতে নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক শুক্রবার (৩০ জানুয়ারি) জানান, বকেয়া চাঁদা পরিশোধের বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’ অবস্থায় পৌঁছেছে। গত ২০২৫ সালের শেষে সদস্যদের বকেয়া চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। অথচ ২০২৬ সালের শুরুতে ১৯৩টি সদস্য দেশের মধ্যে মাত্র ৩৬টি দেশ তাদের পূর্ণাঙ্গ চাঁদা পরিশোধ করেছে। মূল বাজেটের ২২ শতাংশ দাতা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন অর্থায়ন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় সংকট আরও গভীর হয়েছে। প্রতি বছর জিডিপির ভিত্তিতে নির্ধারিত এই চাঁদার মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই চীনের অবস্থান, যারা ২০ শতাংশ দেয়।

এরই মধ্যে জাতিসংঘ ২০২৬ সালের জন্য ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে, যা আগের বছরের চেয়ে ৭ শতাংশ কম। তবুও মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট করে দিয়েছেন, সময়মত এবং পূর্ণাঙ্গভাবে চাঁদা না পেলে সংস্থার কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়বে। তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আর্থিক নিয়মাবলি সংস্কারে সম্মত হওয়ার অথবা নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...