ট্রাম্পের ফেড চেয়ারম্যান মনোনয়নে স্বর্ণে বড় ধস, নেমেছে ১২ শতাংশ
যুক্তরাষ্ট্রের মুদ্রাবাজারে স্বর্ণের দামে এক বিরাট ধস দেখা দিয়েছে। সপ্তাহের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও গত শুক্রবার মাত্র একদিনেই স্বর্ণের মূল্য ১২ শতাংশেরও বেশি কমে গেছে। এই হঠাৎ পতনে বাজারে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও ৩১ শতাংশ পতনের ফলে প্রতি আউন্স ৭৯.৩০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই পতনের মূল কারণ হলো ডলারের অপ্রত্যাশিত শক্তি অর্জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের নাম ঘোষণা করায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এর ফলে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ ‘স্বর্ণ’ থেকে সরে এসেছেন। একইসঙ্গে ডলার জোরদার হওয়ায় বৈশ্বিক বাজারে স্বর্ণের চাহিদা কমে যায়, যা দামের এই বড় পতন ডেকে এনেছে। শুক্রবার লেনদেন শেষে স্বর্ণের দাম নেমে আসে ৪,৭২৪ ডলারের ঘরে। এর আগে সপ্তাহের শুরুতে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দর বেড়ে প্রায় ৫,৪১৮ ডলার পর্যন্ত গিয়েছিল।
সিটি গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও বর্তমানে স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ কমেনি, তবে ২০২৬ সালের শেষের দিকে এই আগ্রহ হ্রাস পেতে পারে। বিশ্ব রাজনীতিতে আমেরিকা-চীন সংঘাত এবং সরকারি ঋণের চাপ স্বাভাবিকভাবেই এই সম্পদের ওপর প্রভাব ফেলছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের এই দরপতনে হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝুঁকি কমাতে বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে সম্পদের বণ্টন করার কথাও বলছেন তারা।

