বিজ্ঞাপন

বাংলাভাষী মুসলিমদের কটাক্ষ, বাংলাদেশে ভোট দেওয়ার পরামর্শ হিমন্তর

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ৩:০৫ পিএম
বাংলাভাষী মুসলিমদের কটাক্ষ, বাংলাদেশে ভোট দেওয়ার পরামর্শ হিমন্তর

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের বাংলাভাষী মুসলিম সম্প্রদায়কে নিশানা করে এমন মন্তব্য করেছেন যা রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। তিনি সাফ জানিয়েছেন, যাদের ‘মিঞাঁ’ বলা হয় তারা যেন ভারতে নয় বরং বাংলাদেশে গিয়ে ভোট দেন। তাদের এমনভাবে উত্ত্যক্ত করা হবে যাতে তারা আসাম ছাড়তে বাধ্য হয়—এমনটাই প্রকাশ্যে দাবি করেছেন তিনি। এই বক্তব্যকে কেন্দ্র করে আসামের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

আসামে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাপ বাড়ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলীয় কর্মীরা সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে প্রায় পাঁচ লাখ সাত নম্বর ফরম জমা দিয়েছেন। বিরোধী এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই কৌশলের আসল উদ্দেশ্য হলো নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। আইনত যে কেউ আপত্তি তুলতে পারলেও গুচ্ছের পর গুচ্ছ ফরম জমা দেওয়াকে হয়রানির কৌশল বলে মনে করছে তারা।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে রাজ্য কংগ্রেস নেতৃত্ব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে। অভিযোগ উঠেছে, ভোটের আগে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। গৌহাটি হাইকোর্টেও এ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মিঞাঁ শব্দটি আসামের বাংলাভাষীদের জন্য অপমানজনক বলে দীর্ঘদিনের দাবি। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে বাংলাদেশি তকমা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নাগরিকত্ব ও পরিচয়ের অস্ত্র ব্যবহার করে নির্বাচনের ময়দানে মেরুকরণ তৈরি করতে চাইছে বিজেপি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...