সিরিয়ার মসজিদে বিস্ফোরণে নিহত ৮, নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদের অভ্যন্তরভাগ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তাপে দেয়ালগুলো কালো হয়ে গেছে এবং জানালার কাচ ভেঙে পড়েছে। ছবিতে মসজিদের মেঝের কার্পেটে রক্তের দাগও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
প্রাথমিক তদন্তে নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল। সুন্নি চরমপন্থী গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’ এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, অজ্ঞাত আরেকটি গোষ্ঠীর সহযোগিতায় তারা স্থানে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে। এদিকে, হামলাকারীদের শনাক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর আঘাত হানার মাধ্যমে এই কাপুরুষোচিত হামলার মাধ্যমে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করাই ছিল উদ্দেশ্য।
সিরিয়ায় চলমান সংঘাতের মধ্যে এমন হামলা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। দেশটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জন্য এটি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে প্রশাসন।

