ট্রাম্পের ভিসা নীতির সমালোচনা, স্থগিতাদেশ তুলে নিতে কংগ্রেসম্যানদের চিঠি
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের ওপর আরোপিত অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৭৫ জন কংগ্রেসম্যান। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে একটি যৌথ চিঠি প্রদান করেন তারা। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং এই চিঠিতে স্বাক্ষর করা আইন প্রণেতাদের মধ্যে অন্যতম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে প্রায় দেড় লক্ষাধিক (১ লাখ ৩৫ হাজার) এশিয়ান-আমেরিকান ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশে বা ফিরে আসতে পারছেন না। আইনি প্রক্রিয়া অনুসরণ করে যারা ভিসার জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞা ‘নির্দয় আচরণ’ বলে অভিহিত করেছেন কংগ্রেসম্যানরা। তাদের মতে, বিশ্বের ৪০ শতাংশ মানুষ এই স্থগিতাদেশের আওতায় পড়েছেন, যা একটি বিশাল জনগোষ্ঠীর প্রতি সুস্পষ্ট বৈষম্য।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত ২১ জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, ইরান, নাইজেরিয়া ও ইরাকসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণভাতা বা সুবিধা অগ্রহণযোগ্যভাবে গ্রহণ করতে পারেন, তাদের ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ‘পাবলিক চার্জ’ নিয়মের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো নতুন অভিবাসীদের দেশের সম্পদের ওপর বোঝা হয়ে দাঁড়ানো থেকে বিরত রাখা।

