সীমান্ত সংঘাথ থামাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া
দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ নিরসনে ও চলমান সংঘর্ষ থামাতে যৌথ সিদ্ধান্তে পৌঁছেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। গত শনিবার (২৭ ডিসেম্বর) কম্বোডিয়ার পক্ষ থেকে জারি করা এক যৌথ বিবৃতির মাধ্যমে এই যুদ্ধবিরতির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের স্বাক্ষরের পরপরই ২৭ ডিসেম্বর ২০২৫, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এর ফলে সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক নাগরিক, অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপর যেকোনো ধরনের আক্রমণ স্থগিত করা হবে।
চলতি মাসে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সংঘাতের দিকে নিয়ে যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
যৌথ ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, সীমান্ত অঞ্চলে সেনাবাহিনীর সব ধরনের চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে। একইসাথে, বাস্তুচ্যুত সাধারণ মানুষকে যত দ্রুত সম্ভব নিরাপদে তাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই প্রতিবেশী দেশ সীমান্ত থেকে মাইন অপসারণ এবং সাইবার অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করতেও একমত হয়েছে।
সীমান্তে অবস্থিত প্রাচীন মন্দির নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দাবি ও বিরোধ এই সংঘাতের মূল কারণ। আসিয়ান ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরিপ্রেক্ষিতে টানা তিন দিনের আলোচনার পর এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে।
এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়াসহ আন্তর্জাতিক মহল থেকেও দুই দেশকে সংঘাত বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। আশা করা যায়, এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

