ভেনেজুয়েলার আকাশসীমা খুলে দিলেন ট্রাম্প, ফ্লাইট শুরুর সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলার ওপর দিয়ে আবারও বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি জানান, এই সিদ্ধান্তের কথা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অবহিত করা হয়েছে। এর ফলে খুব দ্রুতই মার্কিন নাগরিকরা নিরাপদভাবে ওই দেশে ভ্রমণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই আদেশ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এদিনের মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমা খুলে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। ট্রাম্প জানান, মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলায় যাতায়াতের পথ সুগম করা হচ্ছে এবং তারা সেখানে অবস্থান করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানিয়েছিল, ভেনেজুয়েলায় বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু করতে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।
মার্কিন এয়ারলাইন্সগুলোর মধ্যে সর্বশেষ যে সংস্থাটি ভেনেজুয়েলায় ফ্লাইট পরিচালনা করত, আমেরিকান এয়ারলাইন্স ২০১৯ সালের মার্চে তাদের কার্যক্রম স্থগিত করেছিল। তবে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে।

