স্কটিশ পার্লামেন্টে বিরল সম্মান পেল ‘সৌধ’, অভিনন্দন বার্তায় দশ সাংসদ

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ১১:২২ পিএম
স্কটিশ পার্লামেন্টে বিরল সম্মান পেল ‘সৌধ’, অভিনন্দন বার্তায় দশ সাংসদ

ব্রিটেনে দক্ষিণ এশীয় শিল্পকলার শীর্ষস্থানীয় সংগঠন ‘সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক’ এর জন্য অত্যন্ত গৌরবের মুহূর্ত এসেছে। সংস্থাটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্কটিশ পার্লামেন্টে একটি বিশেষ অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। গত ১৮ ডিসেম্বর পার্লামেন্টে ‘রাইমস ফর রিভার অ্যান্ড প্ল্যান্টিং পোয়েট্রি ইন পার্লামেন্ট’ শীর্ষক আয়োজন শেষে এশিয়ান বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল চৌধুরী এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

চলতি বছরের শুরুতে পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রস্তাবটি প্রকাশিত হলে এটিকে ঘিরে ব্যাপক সাড়া মেলে। মোট ১০ জন স্কটিশ সংসদ সদস্য এই প্রস্তাবে স্বাক্ষর করে তাদের সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন। ফয়সল চৌধুরীর পাশাপাশি কলিন বেটি, মাইলস ব্রিগস, আনাবেল ইউয়িং, কেনেথ গিবসন, বিল কিড, ফুলটন ম্যাকগ্রাগর, এডওয়ার্ড মাউন্টেইন, পল সুইনি, মার্সিডিজ ভিল্লাভা এবং টেস হোয়াইট এই সমর্থন জ্ঞাপন করেন।

‘সৌধ’-র যুগ্ম প্রতিষ্ঠাতা কবি টি এম আহমেদ কায়সার এই অর্জনকে বছরের প্রথম প্রহরেই একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন এবং এটি সংশ্লিষ্ট সব শিল্পী ও স্বেচ্ছাসেবীকে উৎসর্গ করেছেন। তিনি জানান, এর আগে হাউস অব কমন্সে সৌধের পরিবেশনা দেখে ব্রিটিশ লেবার পার্টির বর্ষীয়ান এমপি ফ্যাবিয়ান হামিলটন বলেছিলেন, ২৯ বছরের সংসদীয় জীবনে এরকম সম্মোহনী শিল্পকলা তিনি আর দেখেননি। ২০১১ সালে কায়সার ও প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী যৌথভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।

গত ডিসেম্বরে স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত সেই আয়োজনে সংগীত ও কবিতা পরিবেশন করেছিলেন চন্দ্রা চক্রবর্তী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুসূয়া পাল, কবি কায়সার, কবি মেধা সিং এবং স্প্যানিশ কবি নাজারেথ রানিয়া। পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি ও বর্ণের মানুষের কাছে শিল্পের বার্তা পৌঁছে দিতে বিশ্বব্যাপী নিরীক্ষামূলক শিল্পকলা উপস্থাপন করে যাচ্ছে ‘সৌধ’।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...