চোরাই তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ ইরানের, আটক ১৬

প্রাইম বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫ ৩:২৮ এএম
চোরাই তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ ইরানের, আটক ১৬

ফারসি উপসাগরের কৌশলগত অবস্থানে চোরাই জ্বালানি বহনকারী আরেকটি বিদেশি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কেশম দ্বীপের কাছাকাছি এই ট্যাংকারটি জব্দ করা হয়, যাতে প্রায় ৪০ লাখ লিটার অবৈধ জ্বালানি ছিল বলে শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এই অভিযানে ট্যাংকারটির ১৬ জন বিদেশি নাবিককে ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষ জব্দকৃত জাহাজটির নাম বা এর মালিকানা কোন দেশের, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এর আগে গত সপ্তাহেও ওমান উপসাগর থেকে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার আটকের কথা জানিয়েছিল তেহরান।

ইরানে জ্বালানির ওপর রাষ্ট্রীয় ভর্তুকি এবং জাতীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে জ্বালানির মূল্য বিশ্বের অন্যতম সর্বনিম্ন। এ সুযোগে প্রতিবেশী ও উপসাগরীয় দেশগুলোতে জ্বালানি পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে তেহরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, আটককৃত নাবিকদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি, এই চোরাচালান চক্রের মূল হোতা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ককে চিহ্নিত করতে আরও তদন্ত চলছে বলেও জানা গেছে।

এই ঘটনা এমন সময় ঘটলো যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে। নিজের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার জবাবে ইরান বারবার হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের একভাগ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে, এখানে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...