সীমান্তে কাঁটাতার: জমি হস্তান্তরে রাজ্যকে কঠোর নির্দেশ আদালতের

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৩:০৩ পিএম
সীমান্তে কাঁটাতার: জমি হস্তান্তরে রাজ্যকে কঠোর নির্দেশ আদালতের

ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমান্তের যেসব অংশ এখনও অরক্ষিত রয়েছে, সেখানে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রের দেওয়া অর্থ বিএসএফ-এর হাতে অবিলম্বে তুলে দিতে বলেছে। আগামী ৩১ মার্চের মধ্যে প্রায় ১৮০ কিলোমিটার জমির হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে আদালত জানিয়েছে।

একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিকালে এই আদেশ জারি করা হয়। পিটিশনারের আইনজীবী জাতীয় নিরাপত্তার স্বার্থে ২০১৩ সালের আইনের ৪০ ধারা প্রয়োগ করে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণের যুক্তি দেন। এর বিপক্ষে রাজ্য সরকারের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানান, অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া জমি জোর করে নেওয়া রাজ্যের নীতির বিরোধী। এছাড়া, গত ২০১৬ সাল থেকে সীমান্ত দিয়ে অবাধে মাদক পাচারের ঘটনাও আদালতের নজরে আনা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে, সেগুলো ২০২৬ সালের মার্চের মধ্যেই বিএসএফ-কে বুঝিয়ে দেওয়া হবে। যদিও কিছু কিছু জেলায় এই প্রক্রিয়ায় আরও এক-দুই মাস সময় লাগতে পারে। তবে জমি অধিগ্রহণের বিষয়ে এখনও রাজ্য মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মেলেনি। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে আইনানুগভাবে জরুরি ভিত্তিতে ওই জমি অধিগ্রহণ করা সম্ভব কি না, তা নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষের বক্তব্য শুনবে আদালত। এরই মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...