পবিত্র কাবা শরিফ থেকে ঝাঁপের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে রক্ষা

প্রাইম বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫ ২:৪৮ এএম
পবিত্র কাবা শরিফ থেকে ঝাঁপের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে রক্ষা

সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার উদ্দেশ্যে উঁচু স্থান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

কাবা শরিফ প্রদক্ষিণের জন্য নির্মিত মাটের উপরের তৃতীয় তলা থেকে ওই ব্যক্তি নিচে ঝাঁপ দেন। তবে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটকাতে এগিয়ে আসেন এবং সফলভাবে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করেন। এই উদ্ধার অভিযানে এক নিরাপত্তা সদস্য আহত হন।

সৌদি প্রেস এজেন্সি ও স্থানীয় গণমাধ্যম সিয়াসাত এর বরাত দিয়ে জানা যায়, ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করে যেখানে ঘটনার কিছু অংশ দেখানো হয়।

মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বাহিনী জানায়, ওই ব্যক্তি ও আহত নিরাপত্তা কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে তবে ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, মসজিদুল হারামে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৭, ২০১৮ এবং ২০২৪ সালেও একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছিল। মসজিদুল হারাম সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকলেও এধরনের ঘটনা বিরল নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...