পুতিনের ৫ হাজার বর্গকিলোমিটার দখলের দাবি: উপগ্রহচিত্রে ভিন্ন চিত্র

প্রাইম বার্তা অনলাইন
২৬ ডিসেম্বর ২০২৫ ৬:০৮ পিএম
পুতিনের ৫ হাজার বর্গকিলোমিটার দখলের দাবি: উপগ্রহচিত্রে ভিন্ন চিত্র

রাশিয়া ইউক্রেনের প্রায় ৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের জানান, তাদের বাহিনী পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের সিভেরস্ক, উত্তরাঞ্চলীয় খারকিভের ভোভচানস্ক দখল করেছে। এছাড়া দোনেৎস্কের লাইমান ও কোস্তিয়ানতিনিভকার অর্ধেক এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ার হুলিয়াইপোলে রুশ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এই দাবির সঙ্গে একমত নয়। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, উপগ্রহচিত্র ও উন্মুক্ত উৎসের দৃশ্যমান প্রমাণ পুতিনের দাবিকে সমর্থন করে না।

আইএসডব্লিউ জানায়, সিভেরস্ক, ভোভচানস্ক বা অন্য শহরগুলো পুরোপুরি দখলের কোনো প্রমাণ তারা পায়নি। হুলিয়াইপোলের মাত্র ৭.৩ শতাংশ এবং লাইমানের ২.৯ শতাংশ এলাকায় রুশ বাহিনীর উপস্থিতি রয়েছে, যা মূলত অনুপ্রবেশ বা আক্রমণমূলক অভিযানের মাধ্যমে। কোস্তিয়ানতিনিভকার ক্ষেত্রেও রুশ অগ্রগতি ৫ শতাংশের বেশি নয়।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনে সামরিক সফলতার বার্তা দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় প্রভাব ফেলার জন্যই মস্কো এই দাবি করছে। রুশ সামরিক ব্লগারদের দাবিও পুতিনের বক্তব্যকে সমর্থন করে না বলে জানিয়েছে আইএসডব্লিউ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...