সাগরের তলদেশে ইরানের মিসাইল সুড়ঙ্গ, ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সমুদ্রের তলদেশে লুকানো নিজেদের মিসাইল সুড়ঙ্গের অস্তিত্বের কথা জানিয়েছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে এই সুড়ঙ্গের ভেতরে মিসাইল মোতায়েনের দৃশ্য দেখানো হয়েছে। এ নিয়ে ইরান সতর্ক করে দিয়েছে যে, তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গে শতাধিক ক্রুজ মিসাইল মজুদ রাখা হয়েছে।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড বা বিপ্লবী গার্ডের নৌ-বাহিনীর কমান্ডার আলিরেজা তাঙসিরি এই ভিডিওতে উপস্থিত ছিলেন। তিনি জানান, পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌবহর মোকাবিলায় তারা এই সুড়ঙ্গগুলো প্রস্তুত করেছে। এখানে কয়েকশ মিসাইল মজুদ আছে, যার পাল্লা এক হাজার কিলোমিটার পর্যন্ত। তিনি আরও জানান, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আঘাত হানার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের চেয়েও বড় আকারের হামলার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান যদি যুদ্ধ এড়াতে চায় তবে তাদের চুক্তিতে আসতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে। তিনি জানান, ইরানের দিকে একটি বিশাল যুদ্ধজাহাজের বহর অগ্রসর হচ্ছে, যা ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও শক্তিশালী। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

