ইসলামাবাদে আরব আমিরাতের প্রেসিডেন্ট, প্রথম সরকারি সফরে

প্রাইম বার্তা অনলাইন
২৬ ডিসেম্বর ২০২৫ ৬:০৪ পিএম
ইসলামাবাদে আরব আমিরাতের প্রেসিডেন্ট, প্রথম সরকারি সফরে

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার ইসলামাবাদে পৌঁছেছেন। চলতি বছর এটি তার দ্বিতীয় পাকিস্তান সফর, তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সরকারি সফর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে নূর খান বিমান ঘাঁটিতে আরব আমিরাতের প্রেসিডেন্টকে স্বাগত জানান। এ সময় পাকিস্তানের প্রতিরক্ষা ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন।

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, প্রেসিডেন্ট আল নাহিয়ানের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পর পাকিস্তানের সামরিক বিমানবাহিনীর একটি দল তাকে সম্মান জানায়। বিমান ঘাঁটিতে তাকে ২১টি তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই সফরে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন। এই সফর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতির প্রতিফলন।

আরব আমিরাতের প্রেসিডেন্টের সফর উপলক্ষে ইসলামাবাদে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত জানুয়ারিতে তার পাকিস্তান সফর ছিল অনানুষ্ঠানিক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...