সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে লোকসভায় শ্রদ্ধা

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৯:৫০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে লোকসভায় শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ভারতের লোকসভা। বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নীরবতা পালন করেন। এছাড়াও সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং লোকসভার পাঁচজন প্রয়াত সদস্যের স্মরণেও এই শ্রদ্ধাঞ্জলি অর্পিত হয়।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর লিখিত শোকবার্তা তুলে দেন। এই সময় পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিরাও শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় উপস্থিত হয়েছিলেন।

সংসদের কার্যপ্রণালী শুরুর পূর্বে স্পিকার সবার নাম উচ্চারণ করেন এবং শোক প্রস্তাবটি উত্থাপন করা হয়। বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ভারতের সর্বোচ্চ আইন প্রণেতাদের এমন ভাবগাম্ভীর্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...