ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পারমাণবিক শক্তি বাড়াতে নতুন পরিকল্পনা কিমের
পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার পরবর্তী ধাপের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আসন্ন শাসক দল ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে। সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তিনি এই ইঙ্গিত দিয়েছেন।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারখি করেন কিম জং উন। এসময় তার সঙ্গে তার কন্যা জু এ এবং দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষায় চারটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপে সক্ষম একটি সুপার-লার্জ মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করা হয়। উত্তর কোরিয়ার দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ৩৫৮ দশমিক ৫ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগরের দিকে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত দুটি দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।
পরীক্ষা শেষে কিম জং উন বলেছেন, এই রকেট ব্যবস্থা উন্নয়নের পথ মসৃণ ছিল না। তবে এই পরীক্ষা কৌশলগত নিরোধ ক্ষমতার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই পরীক্ষার ফলাফল ও তাৎপর্য উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী শক্তিগুলোর জন্য মারাত্মক মানসিক যন্ত্রণা ও গুরুতর হুমকি সৃষ্টি করবে। এই অস্ত্র শত্রুদের জন্য তীব্র মানসিক আঘাত বয়ে আনবে বলেও তিনি মন্তব্য করেন।
সামগ্রিকভাবে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আসন্ন কংগ্রেসে পারমাণবিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কঠোর করতে চাইছে পিয়ংইয়াং। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দেশটি তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে।

