যুক্তরাজ্যে দারিদ্র্যের শিকার বাংলাদেশিদের ৫৩ শতাংশ
বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ যুক্তরাজ্যে দারিদ্র্যের হার এখন তীব্র আকার ধারণ করেছে। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত তিন দশকের মধ্যে সেখানে সর্বোচ্চ ৬৮ লাখ মানুষ এখন অতিদারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন। এর মধ্যে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক, কারণ বাংলাদেশি অভিবাসীদের ৫৩ শতাংশ এবং পাকিস্তানিদের ৪৯ শতাংশ এই চরম দারিদ্র্যের শিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি ভাড়া পরিশোধের পর যেসব পরিবারের আয় দেশটির জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম, তাদেরকে অতিদরিদ্র হিসেবে গণ্য করা হয়। দুই সন্তানের একটি পরিবারের বার্ষিক আয় যদি ১৬ হাজার ৪০০ পাউন্ডের নিচে হয়, তবে তারা এই তালিকায় স্থান পায়। যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কমলেও শিশুদের দারিদ্র্য বেড়েছে। বর্তমানে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে উঠছে, যা টানা তিন বছর ধরে ঊর্ধ্বমুখী।
ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস গত এপ্রিলে দুই সন্তানের বেশি থাকা পরিবারগুলোর ওপর থেকে সামাজিক সুরক্ষা সহায়তা বন্ধের নিয়ম প্রত্যাহার করেছেন। জেআরএফ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তবে একমাত্র এই পদক্ষেপে শিশু দারিদ্র্য রোধ করা সম্ভব হবে না বলে মনে করছে। সংস্থাটি জানিয়েছে, এই দারিদ্র্যের সবচেয়ে বড় শিকার শিশু এবং প্রতিবন্ধীরা। দারিদ্র্যবিরোধী সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড এই প্রতিবেদনকে সমাজের জন্য এক বিরাট দুঃসংবাদ বলে অভিহিত করেছেন।

