ডলারের আধিপত্য কমছে, বিশ্বজুড়ে বাড়ছে স্থানীয় মুদ্রার ব্যবহার
বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে। গত নভেম্বরে জি-২০ সম্মেলনের ঠিক দুই দিন আগে দক্ষিণ আফ্রিকা ও চীনের কেন্দ্রীয় ব্যাংকগুলো যৌথভাবে এমন একটি আর্থিক ব্যবস্থার সূচনা করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে।
প্রিটোরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিকার বৃহত্তম ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সরাসরি চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সাথে যুক্ত হয়েছে। এর ফলে আফ্রিকার ব্যবসায়ীরা এখন মার্কিন মুদ্রার মাধ্যম ছাড়াই সরাসরি চীনা ইউয়ানে লেনদেন করতে পারছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৈশ্বিক বাণিজ্যের ৮০ শতাংশের বেশি যেখানে ডলার দিয়ে সম্পন্ন হতো, সেখানে এই পদক্ষেপ নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।
ব্রিকস জোটভুক্ত দেশগুলোর মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ব্রাজিল সয়াবিন রপ্তানির ক্ষেত্রে এবং সংযুক্ত আরব আমিরাত ভারত ও চীনের সাথে এলএনজি বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চীন ও রাশিয়া তাদের অধিকাংশ দ্বিপাক্ষিক বাণিজ্য স্থানীয় মুদ্রায় সরিয়ে নিয়েছে। এছাড়াও মিশর, ইথিওপিয়া, ইরান ও ইন্দোনেশিয়ার মতো নতুন দেশগুলো ব্রিকসে যোগদান করে ডলারবিরোধী জোটকে আরও শক্তিশালী করেছে।
ডলার ও সুইফট ব্যবস্থার বাইরে থেকে লেনদেন চালানোর লক্ষ্যে ব্রিকস জোট ‘ব্রিজ’ নামের একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা নিয়ে কাজ করছে। চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে এর একটি কার্যকর মডেল উপস্থাপনের কথা রয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্যে ডলারের আধিপত্য আরও কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

