যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও কিউবার প্রতি সমর্থন অব্যাহত রাখল চীন

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ৪:২৭ পিএম
যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও কিউবার প্রতি সমর্থন অব্যাহত রাখল চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে কিউবার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার বেইজিং স্পষ্ট জানিয়েছে, ওয়াশিংটন বারবার চাপ প্রয়োগ করলেও তারা হাভানাকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় অবিলম্বে অবরোধ তুলে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

দীর্ঘদিন ধরে কিউবার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। সম্প্রতি গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন কিউবায় তেল সরবরাহ বন্ধ করতে নৌ অবরোধের পরিকল্পনা করছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে ভেনেজুয়েলার মতো তাদেরও ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

সম্ভাব্য মার্কিন আগ্রাসনের মোকাবিলায় কিউবাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। শনিবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল দেশটিতে অনুষ্ঠিত এক সামরিক মহড়া পরিদর্শন করেছেন, যা যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা প্রতিহত করার বার্তা দেয়। তবে চীন নিশ্চিত করেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কিউবার সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...