গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনিশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ম্যাক্রোঁ

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ৩:২৫ পিএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনিশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে কূটনৈতিক পাল্টাপাল্টি আরও জোরদার হয়েছে। এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী বুধবার (২৮ জানুয়ারি) প্যারিসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ওই দিন একটি ‘ওয়ার্কিং লাঞ্চে’ তিনি ইউরোপীয় সংহতি এবং এই দুই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় ফ্রান্সের সমর্থনের বার্তা দেবেন।

এই জরুরি বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং খনিজসম্পদসমৃদ্ধ গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে রাশিয়ার হুমকি এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের মুখে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। জার্মানির হামবুর্গ ও বার্লিন সফর শেষে তারা প্যারিসে আসছেন।

ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতি প্রদর্শনের অংশ হিসেবে আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ একটি কনস্যুলেট খোলার পরিকল্পনা করছে প্যারিস। এর আগে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলেও ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। ম্যাক্রোঁর এই সফর উত্তর আটলান্টিক অঞ্চলে ইউরোপের স্বার্থ সুরক্ষিত রাখতে নতুন গুরুত্ব বহন করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...