টাইরে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ সমর্থিত টিভি উপস্থাপক
দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরায়েলি বিমান হামলায় আল-মানার টেলিভিশনের একজন সংবাদ উপস্থাপক নিহত হয়েছেন। গত সোমবার (২৬ জানুয়ারি) চালানো এই হামলায় ওই উপস্থাপকের মৃত্যু হয়। হিজবুল্লাহ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত আলি নূর আল-দীন হিজবুল্লাহ–সম্পৃক্ত আল-মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এছাড়া তিনি টাইরের উপশহর আল-হাওশ এলাকার প্রধান ধর্মীয় বক্তা বা খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে এবং বলেছে যে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা এখন স্পষ্টতই গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব হামলায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরাও রেহাই পাচ্ছেন না। তিনি নিহত সংবাদকর্মীদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি লেবাননে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিন।
সাংবাদিক অধিকার সংস্থা সিপিজে (CPJ) জানিয়েছে, ২০২৩ সাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন লেবাননি সাংবাদিক নিহত হয়েছেন, যদিও অন্য কিছু সংস্থার হিসাব মতে এই সংখ্যা ১০ জন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইরের ওই হামলার পাশাপাশি নাবাতিয়েহর কাছে কফর রুম্মান এলাকায় পৃথক আরেকটি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

