সীমান্ত উত্তেজনা ভুলে ভারতকে বন্ধু বললেন শি জিনপিং

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ১০:০৯ এএম
সীমান্ত উত্তেজনা ভুলে ভারতকে বন্ধু বললেন শি জিনপিং

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) পাঠানো এই বার্তায় তিনি বেইজিং ও নয়াদিল্লিকে একে অপরের ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। দুই দেশকে একই মঞ্চে ‘ড্রাগন ও হাতির’ মতো একসঙ্গে নাচার উপমা দিয়ে তিনি পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর প্রায় চার বছর ধরে চলা উত্তেজনা ও অর্থনৈতিক বিধিনিষেধের অবসান ঘটিয়ে দুই প্রতিবেশী সম্পর্ক নতুন করে গুছিয়ে নিচ্ছে। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সেনা প্রাণ হারিয়েছিলেন। এরপর টিকটকসহ চীনা অ্যাপ নিষিদ্ধ এবং বিনিয়োগে কড়াকড়ি আরোপ করেছিল ভারত। তবে এসব বাধা সত্ত্বেও দুই দেশের বাণিজ্য অব্যাহত রয়েছে এবং বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে পাঁচ বছরের মধ্যে প্রথমবার মুখোমুখি হন শি জিনপিং ও নরেন্দ্র মোদি। এর আগে গত আগস্টে এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফর করেছিলেন মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিপুল শুল্কের মুখে ভারত ও চীনের এই ঘনিষ্ঠতা বিশেষভাবে লক্ষ্যণীয়। ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক ৫০ শতাংশ এবং চীনা পণ্যে ৩০ শতাংশের বেশি বেড়েছে। দুই দেশই এখন পারস্পরিক উদ্বেগ দূর করে সুস্থ সম্পর্কের পথে এগিয়ে যেতে চায়, যার ধারাবাহিকতায় সরাসরি বিমান চলাচল ও বিনিয়োগ নীতিতে শিথিলতা আসছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...