বিপজ্জনক তাপমাত্রার মুখে ৩৮০ কোটি মানুষ: সতর্কতা
বৈশ্বিক উষ্ণায়নের কারণে আগামী ২০৫০ সালের মধ্যে প্রায় ৩৮০ কোটি মানুষ মারাত্মক তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে, যার জন্য বিশ্ব এখনও যথেষ্ট প্রস্তুত নয় বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এক নতুন গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক তাপমাত্রার প্রাদুর্ভাব বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে এবং এর ফলে মানুষের জীবন ও স্বাস্থ্যের ওপর গুরুতর হুমকি তৈরি হচ্ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার মতো বৃহৎ জনবহুল দেশগুলোতে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। অন্যদিকে, কানাডা, রাশিয়া ও ফিনল্যান্ডের মতো তুলনামূলক শীতল অঞ্চলগুলোও অস্বাভাবিক গরমের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ এসব দেশের অবকাঠামো এমন তাপমাত্রার জন্য তৈরি নয়। গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে যে, শিল্প-পূর্ব যুগের চেয়ে বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে চরম তাপের শিকার মানুষের সংখ্যা বর্তমানের প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
গবেষণার প্রধান লেখক ও পরিবেশবিজ্ঞানী জেসুস লিজানা জানিয়েছেন, এই বিপর্যয়ের প্রভাব বর্তমান দশকেই স্পষ্ট হতে পারে কারণ গ্রহটি দ্রুতই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে আগামী কয়েক বছরের মধ্যেই টেকসই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব শীতলীকরণের অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

