ট্রাম্পের কঠোরতার মধ্যেও যুক্তরাষ্ট্রে প্রতি ২০ মিনিটে আটক ভারতীয়
মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে এ বছর গড়ে প্রতি ২০ মিনিটে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও দমনপীড় সত্ত্বেও ‘আমেরিকান ড্রিম’-এর প্রতি ভারতীয়দের আকর্ষণ যে এখনো অটুট রয়েছে, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সীমান্তে মোট ২৩ হাজার ৮৩০ জন ভারতীয়কে আটক করা হয়েছে।
গত বছর ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৮৫ হাজার ১১৯ জন। বর্তমানে মার্কিন প্রশাসনের বাড়তি নজরদারি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ব্যাপক অভিযানের কারণে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা অনেকাংশে কমেছে। তবে এখনো ভারত অবৈধ অভিবাসীদের অন্যতম উৎস হিসেবে টিকে আছে। আটক হওয়াদের বেশিরভাগই একক প্রাপ্তবয়স্ক, কিন্তু অভিভাবকহীন শিশুদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। ২০২২ সালের জানুয়ারিতে কানাডা সীমান্ত পার হওয়ার সময় তীব্র ঠান্ডায় গুজরাটের এক পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনা সত্ত্বেও শিশুদের একা সীমান্তে পাওয়ার ঘটনা এখনো অব্যাহত রয়েছে।
অবৈধ অভিবাসন পর্যবেক্ষণকারী এক ভারতীয় কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘কঠোর মার্কিন নীতি ও আইসিইসহ বিভিন্ন সংস্থার বড় অভিযানে সংখ্যা অনেক কমেছে। কিন্তু ভারতীয়, বিশেষ করে গুজরাটিদের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা এখনো রয়েছে, তাই সংখ্যা পুরোপুরি শূন্য হয়নি।’ এমন পরিস্থিতিতে মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের ঝুঁকি নিচ্ছেন বলে জানা গেছে।

