চন্দ্রপৃষ্ঠে বিদ্যুৎ উৎপাদনের নতুন মাইলফলকে রাশিয়া
মহাকাশ অনুসন্ধানে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রসকসমস ঘোষণা করেছে, ২০৩৬ সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে তারা।
প্রকল্পটি বাস্তবায়নে রসকসমস লাভোচকিন অ্যাসোসিয়েশন-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। প্রস্তাবিত এই চন্দ্র বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার নিজস্ব চন্দ্র অভিযান এবং রাশিয়া-চীন যৌথ চন্দ্র গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে।
রসকসমস জানিয়েছে, এই প্রকল্পটি চাঁদে স্থায়ী বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি এবং এককালীন মিশন থেকে দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচিতে রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এটি রাশিয়ার চন্দ্র কর্মসূচির অন্তর্ভুক্ত রোভার, মানমন্দির এবং যৌথ রাশিয়ান-চীনা আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের অবকাঠামোতে শক্তি সরবরাহ করবে।
যদিও বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়নি যে বিদ্যুৎকেন্দ্রটি পারমাণবিক হবে, তবে প্রকল্পে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম এবং কুরচাটভ ইনস্টিটিউটের মতো পারমাণবিক সংস্থাগুলো জড়িত রয়েছে। গত জুনে রসকসমসের প্রধান দিমিত্রি বাকানও জানিয়েছিলেন, চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন তাদের অন্যতম লক্ষ্য।
মহাকাশ অন্বেষণে রাশিয়ার ইতিহাস সমৃদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ১৯৬১ সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে গেলেও, বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় রাশিয়া পিছিয়ে পড়েছে। ২০২৩ সালের আগস্টে রাশিয়ার ‘লুনা-২৫’ মিশন চাঁদে আছড়ে পড়লে দেশটির মহাকাশ পরিকল্পনা বড় ধাক্কা খায়।
এদিকে, চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিযোগিতায় রাশিয়া একা নয়। গত আগস্টে নাসা ঘোষণা করেছিল, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে।
সূত্র: রয়টার্স

