বিজ্ঞাপন

ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি: ভেনেজুয়েলায় গোপন অস্ত্র, মেক্সিকোতেও অভিযান

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১১:০২ এএম
ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি: ভেনেজুয়েলায় গোপন অস্ত্র, মেক্সিকোতেও অভিযান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের অভিযানে এমন একটি রহস্যময় অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দেশটির সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছে। ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ‘ডিসকম্বোবুলেটর’ নামক এই প্রযুক্তির প্রভাবে কারাকাসের বিদ্যুৎ ও রাডার ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছিল। তিনি বলেন, মার্কিন বাহিনী যখন সেখানে প্রবেশ করে, তখন ভেনেজুয়েলার সেনারা রুশ ও চীনা প্রযুক্তির রকেটগুলো চালু করতে ব্যর্থ হন। ট্রাম্প এই অস্ত্রটিকে এক ধরনের ‘স্পন্দিত শক্তি অস্ত্র’ বা পালসড এনার্জি ওয়েপন বলে অভিহিত করলেও এর কৌশলগত বিবরণ গোপন রাখেন।

ভেনেজুয়েলায় সফল অভিযানের পর এবার মাদক কার্টেল দমনে মেক্সিকোতেও সরাসরি সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মার্কিন প্রশাসন ওই কার্টেলগুলোর গোপন আস্তানা ও তথ্য সম্পর্কে সব জানে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ২৩ জানুয়ারি প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকায় হামলার কথা স্মরণ করে তিনি বলেন, এটি শুধুমাত্র শুরু। এছাড়া ভেনেজুয়েলা সংশ্লিষ্ট সাতটি তেলবাহী ট্যাঙ্কার থেকে সব তেল ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারের অন্যান্য বিষয়ে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন এবং তিনি ওভাল অফিসে সেটি কোথায় রাখবেন তা নিয়ে ভাবছেন। ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে আলোচনার ভিত্তিতে গ্রিনল্যান্ডসহ আর্কটিক অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির জমির মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে আসার কথাও দাবি করেন তিনি। এছাড়া আসন্ন সুপার বোলে পারফর্ম করতে আসা শিল্পী ব্যাড বানি ও গ্রিন ডে-কে ‘ভয়ানক পছন্দ’ বলে মন্তব্য করেন এবং এবার খেলা দেখতে স্টেডিয়ামে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...