চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতি রাশিয়ার
চাঁদে মানব বসতি স্থাপনের প্রতিযোগিতায় এগিয়ে যেতে আগামী দশকের মধ্যে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, ২০৩৬ সালের মধ্যে চাঁদে ‘চন্দ্র বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণ করা হবে। এই বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার নিজস্ব চন্দ্র অভিযান ও রাশিয়া-চীনের যৌথ গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে। এরই মধ্যে এই প্রকল্পের জন্য লাভোচকিন অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।
যদিও বিবৃতিতে সরাসরি ‘পারমাণবিক’ শক্তির কথা উল্লেখ করা হয়নি, তবে প্রকল্পের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম এবং কুরচাটভ ইনস্টিটিউট যুক্ত রয়েছে।
একসময় মহাকাশ অনুসন্ধানে অগ্রগণ্য ভূমিকা পালন করলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে পড়েছে রাশিয়া। গত আগস্টে দেশটির ‘লুনা-২৫’ মিশন ব্যর্থ হওয়ায় মহাকাশ পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা খায় তারা।
রসকসমস জানিয়েছে, এই প্রকল্পটি স্থায়ী বৈজ্ঞানিক চন্দ্র কেন্দ্র প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। প্রকল্পের মাধ্যমে রাশিয়া তার রোভার, মানমন্দির ও চীনের সাথে যৌথ আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।
একই ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রও। নাসা ঘোষণা করেছে, ২০৩০ সালের প্রথম প্রান্তিকের মধ্যে তারা চাঁদে একটি পারমাণবিক চুল্লি স্থাপন করবে।

