পেন্টাগন প্রতিবেদন: ভারতের অরুণাচলকে ‘মূল স্বার্থ’ হিসেবে দাবি চীনের
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে এবং এটিকে তাদের ‘মূল স্বার্থ’ বলে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল ছাড়াও চীন তাইওয়ান এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগরের বিতর্কিত সামুদ্রিক অঞ্চলগুলোকে তাদের দীর্ঘমেয়াদি জাতীয় কৌশলের অংশ হিসেবে বিবেচনা করছে।
২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনরুজ্জীবন’ অর্জনের লক্ষ্যে বেইজিং তাদের এই ‘মূল স্বার্থের’ পরিধি সম্প্রসারণ করেছে। চীনা কর্মকর্তারা এই বিতর্কিত অঞ্চলগুলোর একীকরণকে জাতীয় পুনরুজ্জীবনের ‘স্বাভাবিক প্রয়োজন’ হিসেবে উপস্থাপন করছেন এবং এই লক্ষ্য অর্জনে ‘বিশ্বমানের’ সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে।
প্রতিবেদনে ভারত-চীন সম্পর্কের উন্নতির কথাও উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে দুই দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয়, যার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা সুবিধা, এবং শিক্ষাবিদ ও সাংবাদিক বিনিময় নিয়ে মাসিক উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।
পেন্টাগন মনে করে, চীন এলএসি উত্তেজনা কমিয়ে ভারত-চীন সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে চায়। যদিও পারস্পরিক অবিশ্বাসের কারণে ভারত এই সম্পর্কে সতর্ক অবস্থান বজায় রাখবে।
একই প্রতিবেদনে চীন-পাকিস্তান সামরিক সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। দুই দেশ যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান উৎপাদন করছে এবং পাকিস্তান চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমানের একমাত্র ক্রেতা। চীন পাকিস্তানকে সশস্ত্র ড্রোন সরবরাহ করছে এবং নৌবাহিনীর ক্ষেত্রেও পাকিস্তানের প্রধান সরবরাহকারী। জিবুতির বাইরে চীনের বিদেশি সামরিক ঘাঁটি সম্প্রসারণের অংশ হিসেবে পাকিস্তানকে সম্ভাব্য লজিস্টিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

