চরম সংকটে ইউক্রেন, জরুরি মিসাইল সহায়তা চেয়ে আকুতি জেলেনস্কির
গুরুতর মানবিক সংকটের মুখে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা জোটের কাছে অবিলম্বে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে তিনি এই আকুতি জানান। রাশিয়ার অব্যাহত আক্রমণে ইউক্রেনের জ্বালানি খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
লিথুয়ানিয়ায় বক্তব্য রাখার সময় জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রুশ বাহিনী প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে লক্ষ্য করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এসব হামলায় দেশটির বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা টিকতে হিমশিম খাচ্ছে। ভয়াবহ এই হামলার কারণে হিটিং ব্যবস্থা ভেঙে পড়ায় লাখ লাখ মানুষ চরম শীতে জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা গেছে, শনিবারের বিধ্বংসী আক্রমণে রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন নাগরিক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। গত দুই দিন ধরে রাজধানীর প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো তাপ সরবরাহ ছাড়াই বাসিন্দারা আটকা পড়েছেন। নিরাপত্তার কথা ভেবে ইতিমধ্যে শহর থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আকাশ প্রতিরক্ষায় আধুনিক মিসাইলের জোগান নিশ্চিত না করা গেলে এই চরম সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

