মাইনাস শীতে বিপর্যস্ত ইউক্রেন, বিমান প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
মস্কোর নিরলস বোমাবর্ষণের মুখে গুরুতর মানবিক সংকটে পতিত ইউক্রেন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে পশ্চিমা মিত্রদের প্রতি আকুতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করা না হলে বিপদ আরও ঘনীভূত হবে।
রোববার সেখানে এক অনুষ্ঠানে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে এই হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ শহরের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের হিটিং বা তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের বোমা হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে পড়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাজার হাজার ফ্ল্যাটে বসবাসরত মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নিরাপত্তার কথা ভেবে এরই মধ্যে রাজধানী থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এমন কঠিন পরিস্থিতিতে ভিলনিয়াসে জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না।

