রাশিয়ার ব্যাপক হামলায় কিয়েভ, আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৩:১৪ এএম
রাশিয়ার ব্যাপক হামলায় কিয়েভ, আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় কোটি মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে কনকনে শীতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে হিটিং ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, শুধুমাত্র এই সপ্তাহেই রাশিয়া ১ হাজার ৭০০-র বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। এই বিশাল আকাশ হামলা ঠেকাতে ইউক্রেনের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুদিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ ছাড়াই রয়েছে। কিয়েভ সিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিরাপত্তার কথা ভেবে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষার জন্য পর্যাপ্ত আধুনিক ক্ষেপণাস্ত্র না পেলে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। তিনি মিত্র রাষ্ট্রগুলোর কাছে এই মুহূর্তে সহযোগিতা বাড়ানোর আকুতি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...