জলবায়ু সংকটে ক্যারিবিয়ান প্রবালপ্রাচীরের অস্তিত্ব সংকটে

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৯:৫৯ পিএম
জলবায়ু সংকটে ক্যারিবিয়ান প্রবালপ্রাচীরের অস্তিত্ব সংকটে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলের প্রবালপ্রাচীরগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১৯৮০ সাল থেকে এই অঞ্চলের হার্ড কোরাল কভার প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। বিশেষ করে ২০২৩-২৪ সালে রেকর্ড ১৬.৯ শতাংশ কোরাল কভার ধ্বংস হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থা।

পৃথিবীর সমুদ্রতলের মাত্র ১ শতাংশ জুড়ে অবস্থিত প্রবালপ্রাচীরগুলো বিশ্বের প্রায় ২৫ শতাংশ সামুদ্রিক প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সামুদ্রিক তাপপ্রবাহ প্রবালপ্রাচীরের ভেতরে থাকা মাইক্রোঅ্যালজিকে ক্ষতিগ্রস্ত করছে। এই শৈবালগুলো প্রবালের প্রধান খাদ্য উৎস এবং অতিরিক্ত তাপে এগুলো বিষাক্ত হয়ে ওঠে, যার ফলে প্রবাল তাদের বের করে দেয় এবং সাদা হয়ে যায়, যাকে ‘প্রবাল বিবর্ণতা’ বলা হয়।

ক্যারিবিয়ান অঞ্চলের অর্থনীতির জন্য এই প্রবালপ্রাচীরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটন ও মৎস্য খাতের মাধ্যমে এগুলো প্রতিবছর প্রায় ৬.২ বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখে। সমুদ্রবিজ্ঞানী ড. জেরেমি উইকার্ট জানান, ‘ডাইভিংয়ের সময় আমি নিজ চোখে দেখেছি সব প্রবাল সাদা হয়ে গেছে। একটিও রঙিন প্রবাল নেই। বাস্তবে দেখলে মানসিকভাবে খুবই নাড়া দেয়।’

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে ক্যারিবিয়ান অঞ্চলের প্রবালপ্রাচীর ভবিষ্যতে আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। প্রবাল ধ্বংস হলে শুধু সামুদ্রিক জীববৈচিত্র নয়, লাখ লাখ মানুষের জীবিকা এবং উপকূলীয় সুরক্ষাও হুমকির মুখে পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...