শীতে জমে কিয়েভ, পশ্চিমাদের কাছে ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ২:১৩ এএম
শীতে জমে কিয়েভ, পশ্চিমাদের কাছে ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

প্রবল রুশ হামলার মুখে ইউক্রেনে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের জোগান চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত সপ্তাহে রাশিয়ার নিরলস বোমাবর্ষণে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

রোববার ভিলনিয়াসে জেলেনস্কি জানান, সপ্তাহব্যাপী ইউক্রেনের ওপর প্রায় ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। এই বিশাল আকাশ হামলা ঠেকাতে কিয়েভের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের ভয়াবহ আক্রমণে শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় বৃষ্টি ও তুষারপাতের মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ ছাড়াই দিন কাটাচ্ছেন বাসিন্দারা। কয়েক হাজার অ্যাপার্টমেন্ট পানি ও তাপহীন হয়ে পড়ায় শহর থেকে ইতিমধ্যে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...