কিয়েভে শীতে কাঁপছে মানুষ, মিত্রদের কাছে আকুতি জেলেনস্কির
মস্কোর নিরবচ্ছিন্ন আগ্রাসনে গুরুতর মানবিক সংকটে জর্জরিত ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করা জরুরি হয়ে পড়েছে। রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে কিয়েভসহ পুরো দেশের জ্বালানি খাত ধসে পড়েছে, যার ফলে হাড় হিম করা শীতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গত রোববার (২৫ জানুয়ারি) পৌঁছে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। এর ফলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো হিটিং বা তাপ সরবরাহ বন্ধ রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের ভয়াবহ হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।
এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ভিলনিয়াসে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট থেকে উত্তরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তিনি জানান, গত কয়েক দিনের বিপুল পরিমাণ আকাশ হামলা মোকাবিলায় ইউক্রেনের বর্তমান সামরিক সক্ষমতা হিমশিম খাচ্ছে।

