জলবায়ু পরিবর্তনের তাণ্ডবে ধ্বংসের পথে ক্যারিবীয় প্রবালপ্রাচীর
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে ক্যারিবীয় অঞ্চলের প্রবালপ্রাচীর ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিগত চার দশকে এই প্রাকৃতিক সম্পদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গবেষণায় জানা গেছে, ১৯৮০ সালের পর থেকে ক্যারিবীয় অঞ্চলের হার্ড কোরাল কভার প্রায় ৪৮ শতাংশ হ্রাস পেয়েছে। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী ও তীব্র সামুদ্রিক তাপপ্রবাহ এই বিপর্যয়ের মূল কারণ। এই তাপপ্রবাহ প্রবালের মধ্যে বসবাসকারী শৈবালগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যা প্রবালের প্রধান খাদ্য ও শক্তির উৎস। ফলে প্রবাল এই শৈবালগুলো বের করে দেয় এবং ঘটে প্রবাল বিবর্ণতা।
পৃথিবীর সমুদ্রতলের মাত্র ১ শতাংশ জুড়ে অবস্থিত এই প্রবালপ্রাচীর বিশ্বের প্রায় ২৫ শতাংশ সামুদ্রিক প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। সমুদ্রবিজ্ঞানী ও গবেষণার সম্পাদক ড. জেরেমি উইকার্ট জানান, ২০২৩-২০২৪ সালে ক্যারিবীয় অঞ্চল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপজনিত চাপের মুখে পড়ে, যার ফলে রেকর্ড ১৬.৯ শতাংশ কোরাল কভার হ্রাস পায়।
‘ডাইভিংয়ের সময় আমি নিজ চোখে দেখেছি, সব প্রবাল সাদা হয়ে গেছে। একটিও রঙিন প্রবাল নেই। মাঠপর্যায়ে এটা দেখা আর গ্রাফে দেখা এক নয়। বাস্তবে দেখলে মানসিকভাবে খুবই নাড়া দেয়,’ বলেন ড. উইকার্ট।
প্রবালপ্রাচীর ক্যারিবীয় অর্থনীতির জন্য অপরিহার্য। পর্যটন ও মৎস্য খাতের মাধ্যমে এই প্রবালপ্রাচীরগুলো প্রতিবছর অঞ্চলটির অর্থনীতিতে প্রায় ৬.২ বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখে। প্রবাল ধ্বংস হলে শুধু সামুদ্রিক জীববৈচিত্র্য নয়, লাখ লাখ মানুষের জীবিকা ও উপকূলীয় সুরক্ষাও হুমকির মুখে পড়বে। বিশেষজ্ঞরা ক্যারিবীয় অঞ্চলের প্রবালপ্রাচীর রক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বর্তমান অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে ক্যারিবীয় অঞ্চলের প্রবালপ্রাচীর ভবিষ্যতে আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

