ইউক্রেনে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ১১:৫১ পিএম
ইউক্রেনে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

মারাত্মক মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। টানা রুশ হামলায় দেশটির জ্বালানি খাত বিধ্বস্ত হয়ে পড়ায় পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে এ আকুতি জানান তিনি।

জেলেনস্কি জানিয়েছেন, চলতি সপ্তাহে একাই রাশিয়া ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো হিটিং বা তাপ সরবরাহ ছাড়াই রয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিপদের কথা বিবেচনা করে ইতিমধ্যে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে আয়োজিত একটি অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত করা ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এত বড় আক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়ছে বলেও স্বীকার করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...