স্বর্ণের দাম ছুঁল ঐতিহাসিক উচ্চতা, রুপা-প্লাটিনামেও রেকর্ড বৃদ্ধি

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৯:৪৮ পিএম
স্বর্ণের দাম ছুঁল ঐতিহাসিক উচ্চতা, রুপা-প্লাটিনামেও রেকর্ড বৃদ্ধি

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের আভাস ও বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে মূল্যবান এই ধাতু ইতিহাসের সর্বোচ্চ মূল্য স্পর্শ করেছে। স্বর্ণের পাশাপাশি রুপা ও প্ল্যাটিনামের বাজারদরও ঊর্ধ্বমুখী।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৯২ দশমিক ৫১ ডলারে পৌঁছায়। ট্রেডিং সেশনের শুরুতে এই ধাতুর দাম রেকর্ড ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করে। ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও প্রতি আউন্সে ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৫২০ দশমিক ৬০ ডলারে স্থির হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সতর্ক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা বেড়েছে। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। বাজার এখন মার্কিন অর্থনীতির সব খবরের দিকে সতর্কভাবে নজর রাখছে।

এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল, যা ছিল অতীতের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর স্বর্ণের দাম ৫৩ শতাংশের বেশি বেড়েছে। তবে ডলারের শক্তিশালী অবস্থান ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ায় স্বর্ণের দাম কিছুটা কমে যায়।

আরবিসি ক্যাপিটাল মার্কেটস ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল আর্থিক নীতি ও বাজেট ঘাটতির কথা উল্লেখ করে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম ২০২৬ সালে গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার ও ২০২৭ সালে ৫ হাজার ১০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে।

শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস ও যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় রুপার দামও বাড়ছে। বুধবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়, যা সেশনের শুরুতে ৭২ দশমিক ৭০ ডলার স্পর্শ করেছিল। প্ল্যাটিনামের দাম ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৫১ দশমিক ০৫ ডলারে পৌঁছায়, যা রেকর্ড ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৭ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...