ঝড়ে তুষারে সাদা পর্তুগাল, স্কুল বন্ধ ও বিমান চলাচল ব্যাহত
ঘূর্ণিঝড় ‘ইনগ্রিড’র তান্ডবে ব্যাপক তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পর্তুগাল। দেশটির উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলগুলো এখন সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে, যেখানে স্থানভেদে ৭ মিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। দীর্ঘদিন পর আবহাওয়ার এমন চরম পরিবর্তনে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভয়াবহ পরিস্থিতির কারণে ভিয়ানা দো কাস্তেলো, ব্রাগা, পোর্তো এবং ভিলা রিয়াল জেলাগুলোতে সর্বোচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছে। ভিসেউ, কোয়েমব্রা, আভেইরো এবং আলগার্ভের মোঞ্চিক পর্বতমালায়ও তুষারপাত হয়েছে। বিশেষ করে ভিসেউর মোসেলোস গ্রামে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন বরফ পড়তে দেখা গেছে। এদিকে, উপকূলীয় এলাকাগুলোতে উত্তাল সমুদ্র এবং দক্ষিণ-মধ্যাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে পড়েছে। প্রোটেকশন সিভিল বা এএনইপিসি জানিয়েছে, ঝড় শুরুর পর থেকে সারাদেশে ১৩০০-এরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে।
অতিরিক্ত তুষারপাত ও প্লাবনের কারণে দেশটির বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার বিভিন্ন মিউনিসিপ্যালে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরগুলোতেও ফ্লাইট ওঠানামায় গুরুতর বিঘ্ন ঘটেছে এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যদিও শনিবার দুপুরের মধ্যে ঝড়ের তীব্রতা কমে আসে, তবুও আগামী এক সপ্তাহ জুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৮০০ মিটার উচ্চতার ওপর তুষারপাত এবং রাজধানীসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

