অনলাইন নিরাপত্তায় কিশোরদের এআই চরিত্র ব্যবহার স্থগিত করল মেটা
সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা নিরাপত্তা ঝুঁকি এড়াতে কিশোরদের জন্য তাদের প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চরিত্রগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পদক্ষেপ কার্যকর করা হবে শুধুমাত্র নিবন্ধিত কিশোর ব্যবহারকারীদের ক্ষেত্রেই নয়, বরং বয়স নির্ধারণ প্রযুক্তির মাধ্যমে যাদের অপ্রাপ্তবয়স্ক বলে শনাক্ত করা হবে তাদের জন্যও।
সম্প্রতি এআই চ্যাটবটগুলোর অনুপযুক্ত আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে এবং ২০২৫ সালের নিরাপত্তা প্রিভিউ ঘোষণার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটা জানিয়েছে, তারা অভিভাবকদের জন্য নিয়ন্ত্রণমূলক নতুন টুল তৈরি করছে। এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের সঙ্গে এআই চরিত্রের আলাপচারিতা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট কিছু এআই চরিত্র ব্লক করার সুযোগ থাকবে এবং সন্তানরা কী নিয়ে আলোচনা করছে তার একটি সামগ্রিক ধারণা অভিভাবকরা পাবেন, যদিও তারা ব্যক্তিগত কথোপকথন দেখতে পাবেন না।
যদিও এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি, তবে কিশোরদের জন্য নতুন করে তৈরি করা এআই অভিজ্ঞতাগুলো আসার সময়ই এসব ফিচার যুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মেটা। কিশোরদের জন্য নির্মিত এই নতুন এআই চরিত্রগুলো ‘পিজি-১৩’ বা উপযুক্ত বয়সের মানদণ্ড মেনে তৈরি করা হবে, যাতে কোনোভাবেই অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টের প্রবেশাধিকার সৃষ্টি না হয়।

