যুক্তরাষ্ট্রে ২ বছরের শিশু আটক, বিচারকের আদেশ উপেক্ষিত
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানে এলভিস জোয়েল টে নামের এক ব্যক্তি এবং তার মাত্র দুই বছর বয়সী কন্যাকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার মিনিয়াপোলিসে এ ঘটনা ঘটলেও একজন ফেডারেল বিচারক শিশুটিকে রাত ৯টার মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিচারকের স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বাবা ও মেয়েকে টেক্সাসের একটি আটক কেন্দ্রে নিয়ে যায়, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
আদালতের নথিপত্র এবং পরিবারের আইনজীবীরা জানিয়েছেন, কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। ওই সময় শিশুটি গাড়ির ভেতরে ছিল এবং এক অভিবাসন কর্মকর্তা গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। শিশু আসন ছাড়াই অন্য একটি গাড়িতে ওই শিশুকে তোলা হয়। পরিবারের আইনজীবী ইরিনা ভায়নারম্যান বলেছেন, এই ঘটনার নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করা অসম্ভব এবং এটি কল্পনার বাইরে।
শিশুটির মা সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন এবং মেয়েকে নিতে প্রস্তুত ছিলেন বলে আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বিপরীত দাবি করে জানিয়েছে, মা শিশুটিকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। বিভাগটি বাবাকে অবৈধ অভিবাসী হিসেবে অভিযুক্ত করে বলেছে, তিনি আগে অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন এবং শিশু নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।
পরবর্তীতে শুক্রবার দুজনকেই মিনেসোটায় ফিরিয়ে আনা হলে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়, তবে বাবা এখনো আটক রয়েছেন। বিচারক তার আদেশে বলেছিলেন, এই শিশুর কোনো অপরাধমূলক ইতিহাস নেই এবং আটক থাকলে সে অপূরণীয় ক্ষতির শিকার হতে পারে। সম্প্রতি মিনেসোটায় পাঁচ বছরের এক শিশুকে আটকের ঘটনার পর এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

