বিজ্ঞাপন

ঝড়ের তাণ্ডবে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়, নুউকে ব্ল্যাকআউট

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ২:২৯ পিএম
ঝড়ের তাণ্ডবে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়, নুউকে ব্ল্যাকআউট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। দেশটির রাজধানী নুউকে তীব্র ঝড়ো বাতাসের কারণে শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বুকসেফজোর্ড জলবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দিলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায় এবং একই সাথে বিভিন্ন এলাকায় পানি ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জরুরি বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্রিয় করার মাধ্যমে রোববার (২৫ জানুয়ারি) ভোর নাগাদ শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকতে এবং বিদ্যুৎ সাশ্রয় করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন গ্রিনল্যান্ড সরকার দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের পাঁচ দিনের খাবার, পানি ও ওষুধ মজুদ রাখার নির্দেশনা জারি করেছিল, যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মধ্যে দিয়ে এই দ্বীপটি আলোচনার কেন্দ্রে ছিল। দাভোসে ট্রাম্প নমনীয় হলেও, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন স্পষ্ট করে জানিয়েছেন যে, তাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের তথাকথিত সমঝোতা সম্পর্কে তারা এখনো অন্ধকারে রয়েছেন এবং চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...