যুক্তরাষ্ট্রে ফেডারেল বাহিনীর গুলিতে নার্স নিহত, তীব্র প্রতিবাদ

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৯:১৪ এএম
যুক্তরাষ্ট্রে ফেডারেল বাহিনীর গুলিতে নার্স নিহত, তীব্র প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেট্টি (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাধিক গুলির আঘাতে তার মৃত্যু হয়। নিহত অ্যালেক্স ওই শহরের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন, যিনি পেশায় একজন ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) নার্স। অভিবাসনবিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটায় শহরজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জোরালো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে অভিবাসন দমন অভিযান চালাচ্ছে ফেডারেল বাহিনী। এর আগে ৭ জানুয়ারি রেনি গুড নামের এক নারী নিহত হওয়ার পর থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছিল। এই নতুন মৃত্যুর ঘটনায় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি অঙ্গরাজ্যের মানুষের বিরুদ্ধে সংগঠিত নিষ্ঠুরতা। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্ত রাজ্য সরকার নিজেই পরিচালনা করবে। এছাড়া গত সপ্তাহে এক ভেনেজুয়েলান নাগরিককেও গুলি করা হয়েছিল।

স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, অ্যালেক্স প্রেট্টি ফোন দিয়ে এজেন্টদের ভিডিও করছিলেন। এক পর্যায়ে এজেন্টরা তাকে মাটিতে ফেলে আঘাত করে এবং চেপে ধরে গুলি করে। যদিও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, প্রেট্টি হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসছিলেন এবং হিংস্রভাবে প্রতিরোধ করায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে তদন্তকারী সংস্থা বেলিংক্যাট জানিয়েছে, গুলি চালানোর আগেই তার কাছ থেকে অস্ত্রটি সরিয়ে নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নর ওয়ালজ এবং মেয়রের বিরুদ্ধে সমালোচনা করেছেন।

এই ঘটনার পর থেকে মিনিয়াপোলিসে ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি আরও জোরালো হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে শহরে ভারী অস্ত্রে সজ্জিত বাহিনী মোতায়েন নিয়ে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে বিরোধ বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...