মিনিয়াপোলিসে ফেডারেল বাহিনীর গুলিতে নিহত মার্কিন নাগরিক
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেট্টি নামে ৩৭ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, এর আগে অভিবাসন বিরোধী অভিযানের সময় এজেন্টরা তাকে একাধিকবার গুলি করে। পেশায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) নার্স প্রেট্টি মিনিয়াপোলিসেরই বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর শহরজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং শহর থেকে ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি উঠেছে।
যদিও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, প্রেট্টি হাতে বন্দুক নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে এলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়; তবে ভিডিও ফুটেজ এবং ওপেন সোর্স সংস্থা বেলিংক্যাটের পর্যবেক্ষণ ভিন্ন কথা বলছে। ফুটেজে দেখা যায়, গুলি চালানোর আগেই তার কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হয় এবং তাকে অন্তত ১০ বার গুলি করা হয়। এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির অধীনে চলমান অভিযানের সময় সংঘটিত দ্বিতীয় মৃত্যু, এর আগে ৭ জানুয়ারি রেনি গুড নামে এক নারী নিহত হয়েছিলেন।
এই ঘটনায় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি রাজ্যের মানুষের বিরুদ্ধে সংগঠিত নিষ্ঠুরতার অংশ এবং রাজ্য সরকার স্বাধীনভাবে এর তদন্ত করবে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নর এবং মেয়রকে আক্রমণ করে বলেছেন, তাদের ‘অহংকারী ও বিপজ্জনক বক্তব্য’ই বিদ্রোহ উসকে দিচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

