মিনিয়াপোলিসে নার্সকে গুলি, ট্রাম্পের বাহিনী প্রত্যাহারের দাবি

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৯:০০ এএম
মিনিয়াপোলিসে নার্সকে গুলি, ট্রাম্পের বাহিনী প্রত্যাহারের দাবি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেট্টি নামের ৩৭ বছর বয়সী এক যুক্তরাষ্ট্রীয় নাগরিক নিহত হয়েছেন। মিনেসোটা শহরের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কর্মরত এই নার্সকে শনিবার অভিবাসন দমন অভিযানের সময় একাধিকবার গুলি করা হয়। এই ঘটনার পর শহরজুড়ে নতুন করে বিক্ষোভ দেখা দিয়েছে এবং সেখান থেকে ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি উঠেছে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই ঘটনাকে রাজ্যের মানুষের বিরুদ্ধে ‘নিষ্ঠুর অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্ত রাজ্য সরকার নিজেই পরিচালনা করবে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে সেখানে কয়েক সপ্তাহ ধরে ফেডারেল বাহিনী মোতায়েন রয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি আইসিই অফিসারের গুলিতে ৩৭ বছর বয়সী রেনি গুড নামে এক নারী নিহত হওয়ার পর থেকেই মিনিয়াপোলিসে বিক্ষোভ অব্যাহত ছিল।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, প্রেট্টি হাতে বন্দুক নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে এসেছিলেন এবং আত্মরক্ষার্থে এজেন্টদের গুলি করতে হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও এবং ওপেন সোর্স অনুসন্ধানকারী সংস্থা বেলিংক্যাটের বিশ্লেষণে ভিন্ন চিত্র ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, গুলি চালানোর আগেই তার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয় এবং মাটিতে শোয়া অবস্থায় তাকে গুলি করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর ওয়ালজ এবং মেয়র জ্যাকব ফ্রেকে ‘অহংকারী’ ও ‘বিদ্রোহ উসকে দেওয়ার’ অভিযোগ এনে তাদের আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...